প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বুধবার। সকাল থেকে ক্যাম্পাসজুড়ে সাজসজ্জা, ব্যানার, পতাকা আর রঙিন বেলুনে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা রূপ নেয় আনন্দের উৎসবে।
দিনের শুরুতেই অনুষ্ঠিত হয় স্পট রেজিস্ট্রেশন ও কিট বিতরণ। জাতীয় পতাকা ও কলেজের নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এর পর অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, “শজিমেক কেবল চিকিৎসা শিক্ষার কেন্দ্র নয়, এটি মানবসেবার এক অনন্য প্রতিষ্ঠান।” অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মু. মহসীন, কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, সদস্য সচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুসহ অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. আজফারুল হাবিব রোজ, ডা. আনোয়ার হোসেন মুকুল এবং কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম জহির।
দুপুরে ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের গেট-টুগেদার, ব্যাচভিত্তিক স্মৃতিচারণা ও সাংস্কৃতিক আড্ডা। বিকেলে আয়োজিত ট্রেজার হান্ট, গেমস ও আউটডোর কার্যক্রমে সবাই মেতে ওঠেন উৎসবের আমেজে। দিনশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে শিক্ষার্থী ও প্রাক্তনরা একসঙ্গে গান, নৃত্য ও নাট্য পরিবেশনায় অংশ নেন।
১৯৯২ সালের ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উদ্বোধন করেন। সেই থেকে প্রতিষ্ঠানটি দেশের চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনদের উপস্থিতিতে ভরে ওঠে শজিমেকের চত্বর।
/এমএস