ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় জানালা দিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার সাত শিক্ষার্থীসহ আটজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল পৌরশহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর এলাকার কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে তাইসান (৫) এবং মাদ্রাসার আয়া ভাদুঘর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২)।
দারুন নাজাত মহিলা মাদরাসার পক্ষের ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, মাদরাসার চারতলা থেকে বাইরে একটি কাপড় পড়েছিল বিদ্যুতের তারের উপর। সেখানে দায়িত্বরত আয়া আলেয়া সেই কাপড় জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেছিলেন। লম্বা পাইপটি কাপড়ে লাগার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন আলেয়া। ছাত্রীরা আলেয়াকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। উন্নত চিকিৎসার জন্য কয়েকজন শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়েছে।