এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নতুন এই প্রক্রিয়ায় বলা হয়েছে, যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নিবন্ধনধারী শিক্ষকের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে। পাশাপাশি নির্দিষ্ট একটি তথ্যছক পূরণ করে জমা দিতে হবে। নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে— প্রত্যয়ন যাচাইয়ের জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এসব নির্দেশনা জানানো হয়। চিঠিটি পাঠানো হয়েছে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও স্বতন্ত্র ইবতেদায়ী প্রধানদের কাছে।
এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধনপত্র যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তির আলোকে এবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়, নির্ধারিত নিয়ম অনুযায়ী যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
এনটিআরসিএর মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে কর্মরত নিবন্ধনধারী শিক্ষকের প্রত্যয়নপত্র যাচাইয়ের প্রয়োজন হলে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য পূরণ করে প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। আবেদন করা যাবে ডাকযোগে, কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে।
প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, তারা যদি কোনো নিবন্ধনধারী শিক্ষকের প্রত্যয়নপত্র যাচাই করতে চায়, তবে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন প্রত্যয়নপত্র, নিয়োগপত্র ও যোগদানপত্র প্রতিষ্ঠানপ্রধান দ্বারা সত্যায়িত করে ফরোয়ার্ডিংসহ চেয়ারম্যান, এনটিআরসিএ বরাবর পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা), ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।
শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এ নির্দেশনা বাস্তবায়িত হলে মাদ্রাসা শিক্ষকদের নিবন্ধন যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। একই সঙ্গে জাল বা ভুয়া সনদ ব্যবহার রোধ করা সম্ভব হবে।
/এমএস