জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ভুখা মিছিল পুলিশি বাঁধায় পণ্ড হয়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড ও জলকামান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয়কর দ্রুত বাস্তবায়নসহ ৫ দাবিতে বুধবার দুপুর সোয়া দুইটার দিকে এই মিছিল করেন শিক্ষকরা।
প্রেসক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যনারে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল যাত্রা শুরু করেন শতশত শিক্ষক। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাতটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অনেকেই আহত হন।
পুলিশ শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পর তারা আবারও জাতীয় প্রেসক্লাবের সামনে চলে এসেছেন।
ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।
শিক্ষকদের দাবিগুলো হলো— অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে; শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে; প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।
এর আগে গত সোমবার লং মার্চ টু মাদরাসা শিক্ষা অধিদপ্তর কর্মসূচি পালন করেন তারা। গত বৃহস্পতিবার লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। ওই দিন দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তারা বলেন, বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব দেশের বাইরে থাকায় তার কাছে ফাইল আসেনি। সচিব দেশে আসলে বিষয়টি বিবেচনা করা হবে।
সেদিন শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, সচিব দেশে আসলে ও ফাইল তার কাছে গেলে বিবেচনা করা হবে।