মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগ থেকে এক বছরের মধ্যে এমফিল ডিগ্রি অর্জনের নজির গড়েছেন বাংলাদেশের দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারী। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছেন।২০২৪ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত এমফিল থিসিস ডিসকাশনে তিনি সর্বোচ্চ গ্রেড “মুমতাজ” (Excellent) অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল: ইমাম নাসাফী (রহ.)-এর ‘আত-তাইসীর ফি আত-তাফসীর’ গ্রন্থে বর্ণিত মারফু ও মওকুফ হাদিসসমূহের তাহরিজ ও বিশ্লেষণ। কায়রোয় বিশ্ববিদ্যালয়ের ইমাম আহমদ আত-তাইয়্যিব হলে অনুষ্ঠিত এ সেমিনারে উপস্থিত ছিলেন উসুলুদ্দীন অনুষদের হাদিস বিভাগের অধ্যাপক ড. খালিদ শাকির আতিয়াহ সুলাইমানসহ বিশিষ্ট গবেষক-শিক্ষকরা।
শিক্ষাজীবনের শুরু দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায়। ২০১২ সালে দাখিল এবং ২০১৪ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ২০১৫ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ লাভ করেন। এরপর অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করে এখন তিনি পিএইচডি পর্যায়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।নিজের প্রতিক্রিয়ায় মুহাম্মাদ শিহাব উদ্দীন বলেন, এমফিল ডিগ্রি আমার জন্য একটি সোপান। আমি চাই পিএইচডির মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক অঙ্গনে ইসলামী জ্ঞানের গবেষণায় বড় অবদান রাখতে। এই সাফল্যের পেছনে ডেমরার ঐতিয্যবাহী দারুননাজাত ছিদ্দীকিয়া কামিল মাদরাসা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এক বছরে এমফিল অর্জন বিরল ঘটনা। ফলে এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের জন্যও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর এক বিবৃতিতে গবেষকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।