বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই প্রক্রিয়া চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে অনলাইন ডাটা এন্ট্রি ও ফি প্রদানের কাজ সম্পন্ন করতে হবে।
এরপর ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড এবং শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রিন্ট করার সুযোগ থাকবে। এ জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন সদস্যবিশিষ্ট রেজিস্ট্রেশন কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়াও সাধারণ, মাদ্রাসা কিংবা কারিগরি ধারার সপ্তম শ্রেণি শেষ করা শিক্ষার্থীরাও এ রেজিস্ট্রেশনের জন্য যোগ্য। তবে শিক্ষার্থীর বয়স ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে ন্যূনতম ১২ বছর হতে হবে।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মোট ১৯৬ টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৩০ টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম ফি ২০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এই সব ফি সোনালী ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে একসঙ্গে পরিশোধ করতে হবে।
বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, অনলাইন ডাটা এন্ট্রি শেষ করার আগে শিক্ষার্থীর ভর্তি ফরম, পূর্ববর্তী পরীক্ষার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। কোনো ভুল হলে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
এছাড়া, রেজিস্ট্রেশন সম্পন্ন করার আগে প্রতিটি প্রতিষ্ঠানের ২০২৪-২৫ অর্থবছরের অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করা থাকতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম শেষ না করলে শিক্ষার্থীরা অসুবিধায় পড়বে এবং প্রতিষ্ঠানকে এর দায় নিতে হবে বলে সতর্ক করেছে কারিগরি শিক্ষা বোর্ড।