রাজধানীর উত্তরা তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, “আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ এবং বিশ্বের নেতৃত্ব দিবে। আমরা কেবল বই পড়াই না, বরং এখানে সৎ ও দক্ষ লিডার তৈরি করা হয়, যারা দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে।”
বিশিষ্ট গবেষক, দাঈ ও তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস শাইখ আব্দুল কাইয়ূম বিন নূর শিক্ষার্থীদের জন্য ‘ভালো ফলাফল বিকশিত ক্যারিয়ারের দ্বার’ শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আবদুল্লাহ আল মামুন। তিনি ‘পরীক্ষায় এ+ পাওয়ার উপায়’ শীর্ষক বক্তব্যে শিক্ষার্থীদের প্রস্তুতি ও মনোবল বৃদ্ধির জন্য কার্যকর পরামর্শ দেন।
প্রোগ্রামের স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারী, দাখিল নবম শ্রেণির শিক্ষকবৃন্দ এবং অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা ও অতিথিরাও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য মাদরাসার হোস্টেল সুপার দেলোয়ার হোসাইন এর পরিচালনায় তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর তিলাওয়াত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, নাট্য পরিবেশন এবং অন্যান্য সাংস্কৃতিক ক্রিয়াকলাপ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং শিক্ষাগত উৎকর্ষতা তৈরি করা, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য অবদান রাখতে পারে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও লক্ষ্য নিয়ে আরও স্পষ্টভাবে সচেতন হন এবং আত্মউন্নয়নের জন্য প্রস্তুত হন।